আবনা ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে একটি মার্কিন সামরিক ঘাঁটির কাছে বোমা বিস্ফোরণে অন্তত ২৫ জন বেসামরিক ব্যক্তি নিহত ও ১৬ জন আহত হয়েছে।
খোস্ত শহরের হাসপাতাল সূত্র হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছে। প্রাথমিক খবরে বলা হয়েছিল ১৮ জন নিহত ও ছয়জন আহত হয়েছে। কিন্তু পরে মৃতের সংখ্যা বেড়ে গেছে। মার্কিন এ সামরিক ঘাঁটিতে আমেরিকা ও আফগান সেনা মোতায়েন রয়েছে। ঘাঁটিটি চ্যাপম্যান ঘাঁটি নামে পরিচিত।
খোস্ত প্রদেশের পুলিশের প্রধান ফায়জুল্লাহ গায়রাত জানান, গতকাল (রোববার) ইফতারের সময় লোকজন ঘরে ফেরার মুহূর্তে চাপম্যান ঘাঁটির সামনে এ বিস্ফোরণ ঘটানো হয়। কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করে নি। তবে আফগান কর্মকর্তারা সাধারণত এ ধরনের বিস্ফোরণের জন্য তালেবানদের দায়ী করে থাকেন।
চাপম্যান ঘাঁটির কাছে এটিই প্রথম হামলা নয়; এর আগে ২০০৯ সালে সেখানে তালেবানার হামলা চালিয়েছিল এবং সিআইএ’র সাত সদস্য নিহত হয়।#